সিলেট বিভাগে রেলপথ অবরোধের সমর্থনে শমশেরনগরে মানববন্ধন ও বিক্ষোভ
ট্রেনযাত্রীদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
আখাউড়া–সিলেট রেলসেকশনে বন্ধ থাকা সব রেলস্টেশন পুনরায় চালু এবং ট্রেনযাত্রীদের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচির সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন, শমশেরনগর’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীম, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বানী।
সমাবেশে বক্তব্য রাখেন—
বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন (কুলাউড়া) আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস. পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন ও শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রেলপথে দুইটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া–সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেনের টিকিট কালোবাজারি রোধ, সিলেটের বিভিন্ন স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি এবং যাত্রী চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজনসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী সিলেটবাসীর বিপুল রেমিট্যান্স অবদানের পরও রেলপথে আধুনিকায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিনে ট্রেন চলাচল, ঘনঘন দুর্ঘটনা, টিকিট সংকট ও কালোবাজারির কারণে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
বক্তারা অভিযোগ করেন, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা–কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট চক্র টিকিটের দাম দ্বিগুণ–তিনগুণ বাড়িয়ে কালোবাজারিতে বিক্রি করছে। এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে সিলেট অঞ্চলের রেলসেবা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী ১ নভেম্বর সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত সর্বাত্মক রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে।
